ভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা
স্টাফ রিপোর্টার
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছে। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, গত কয়েকদিন ধরেই মন্ত্রী মহোদয় অসুস্থতাবোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে তিনি অসুস্থতা বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তিনি নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।
বুধবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।
এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে তাকে হাসপাতালে দেখতে ছুটে যান রাজশাহী-৩ আসনের এমপি এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, স্বাস্থ্যসচিব আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ অন্যান্য চিকিৎসক ও বিএনপির নেতৃবৃন্দ।
