অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে রুয়েটের শিক্ষার্থীরা রাসিক প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় রাসিক প্রশাসক আন্তরিকতার সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রুয়েটের সীমানা প্রাচীর ভেঙে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জমির একটি অংশে পাবলিক টয়লেটসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে। এসব স্থাপনা বিশ্ববিদ্যালয়ের জমি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে, যা ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রমের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বর্তমানে এর পাশেই পুরকৌশল অনুষদের ১০তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে যা দ্রুততম সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। এমতাবস্থায়, ২৯ আগষ্ট, ২০২৬ খ্রি. তারিখে রুয়েটের প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী ক্লাস, ল্যাব ও পরীক্ষা বর্জন করে উক্ত অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করে। এই প্রেক্ষিতে নিম্নোক্ত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। দাবিসমূহ:

রুয়েটের মালিকানাধীন জমিতে নির্মিত পাবলিক টয়লেট ও সীমানাপ্রাচীর ঘেষে চলাচলের ফুটপাতে নির্মিত সকল অননুমোদিত/অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করতে হবে। তালাইমারী মোড়ে রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে যে অংশে বিশ্ববিদ্যালয়ের জমি দখল বা ব্যবহার করা হয়েছে তা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)-এর মধ্যে অপসারণের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট