ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শাখা ছাত্রদল আয়োজিত জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী শাখা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৯ আগস্ট) রাত ৯টায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, অনেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কোরআন-হাদীসের অপব্যাখ্যা ও বিকৃতি করেন। কিন্তু আমরা কোরআন-হাদীসকে বিকৃত করে রাজনীতি করি না। আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও দলীয় আদর্শকে যথাযথভাবে ধারণ করেই রাজনীতি করি।
তিনি আরো বলেন, রাজনীতি করতে হবে নিজের আদর্শ ও নীতিকে ধারণ করে। আমি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের পাশে সব সময় আছি। তোমরা আদর্শ, দেশপ্রেম, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করো। অনুষ্ঠানে শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শৌরভ, সাধারণ সম্পাদক সদস্য ওয়ালিউল কবির হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
