সিটিহাটে মহিষের শিংয়ের গুতোয় ব্যবসায়ীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর সিটিহাটে মহিষের শিংয়ের গুতোয় মাহমুদ তোতা (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তোতা জেলার বাগমারা উপজেলার গোবিন্দপুর এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
নগরীর শাহ মখদুম থানার ওসি আকবর আলী জানান, মহিষটি বিক্রির উদ্দেশ্যে হাটে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ দড়ি খুলে গেলে মহিষটি ব্যবসায়ী তোতাকে শিং দিয়ে সজোরে আঘাত করে। এতে তোতার তলপেট ও অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। দ্রুত হাটের ইজারাদারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা তোতাকে মৃত ঘোষণা করেন। শাহ মখদুম থানার ওসি আকবর আলী আরও জানান, মহিষের শিংয়ের আঘাতে নিহত তোতার লাশ রাতে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
