নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫৩০ টাকা, ৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

নগর পুলিশ জানায়, পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম গত ১৯ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গার হড়গ্রাম পীর সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ আলী ওরফে পারভেজ (২৫) ও মোস্তাফিজুর রহমান রিফাতকে (২১) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৮৫ পিস ট্যাপেন্টাডল, ৪ হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পারভেজের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা, দামকুড়া ও রাজপাড়া থানায় চারটি এবং রিফাতের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহমখদুমের নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তুষার ইমরান (২৬), রায়হান ইসলাম (২৭), সাহারুপ আলী ওরফে রবিন (২২), আমিনুল ইসলাম ওরফে সাব্বির (২৫) ও রাব্বি (২৬)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫৯ পিস ট্যাপেন্টাডল, ১৫ হাজার ২০০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। দুপুর পৌনে ১টার দিকে রাজপাড়ার ডিঙ্গাডোবা মতি চত্বরে অভিযান চালিয়ে মুরাদ হোসেন (৪০)-কে ১০ গ্রাম গাঁজা ও ৬৩০ টাকা জব্দসহ গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার হন আটজন। এ ছাড়া ডিবি পুলিশ খড়বোনা নদীরধার থেকে ডলি বেগমকে (৫৫) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় চারটি মাদক মামলা রয়েছে।

এয়ারপোর্ট থানা পুলিশ বায়া ভোলাবাড়ি থেকে সোহাগ আলী (২৯), রকি হোসেন (২৪) ও মানিক আলীকে (৩০) ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। কাশিয়াডাঙ্গার গোলজারবাগ থেকে নাজমুল হোসেনকে (৪০) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় হিরা (৫২) নামে এক নারী পালিয়ে যায়। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। অন্যদিকে কর্ণহার থানা পুলিশ মোল্লাডাইং থেকে গাঁজা সেবনরত অবস্থায় গাফফার মন্ডল ওরফে গফুরকে (২৯) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট