নগরীতে বাইসাইকেলসহ চোর আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকায় একটি বাইসাইকেল চুরির সময় এক চোরকে আটক করা হয়েছে। নগরীর চন্দ্রিমা পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃতর নাম শাহিন হোসেন ওরফে জনি (৪৫)। তিনি নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১ নম্বর গলি এলাকার মৃত জাফর আলীর ছেলে।
নগর পুলিশ জানায়, সোমবার সকাল ৭টায় কেটি এগ্রোভেট লিমিটেডে কর্মরত অফিস সহায়ক নূহাশ আল-মাহিম তার ব্যবহৃত বাইসাইকেলটি প্রতিষ্ঠানের নিচতলায় কেচি গেটের ভেতরে রেখে কর্মস্থলে যোগ দেন। পরে দুপুর ১টার দিকে একই প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার আল আমিন অফিসে প্রবেশের সময় দেখতে পান, এক অপরিচিত ব্যক্তি গেট খুলে বাইসাইকেলটি নিয়ে রাস্তার ওপারে যাওয়ার চেষ্টা করছেন। সন্দেহ হলে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বাইসাইকেলটি অন্য একজনের বলে দাবি করলেও কিছুক্ষণ পর নূহাশ আল-মাহিম ঘটনাস্থলে এসে বাইসাইকেলটি নিজের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় শাহিন হোসেন জনিকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।
