রাজশাহীতে রোমোর আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে নতুন সংগঠন “রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন” (রোমো) আত্মপ্রকাশ করেছে। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হুজাইফা।
নবগঠিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হুজাইফাকে আহ্বায়ক এবং বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তুহিন আলীকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈম হোসেন ও মিরর নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সালমান হোসেনকে। কমিটির সদস্যরা হলেন—দৈনিক গণজাগরণের মাল্টিমিডিয়া রিপোর্টার শামীম রহমান, ডেইলি সিটিজেন ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার জোবায়ের আলী এবং আরসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তুরিন আলম।
সভায় রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে মতামত দেন উপস্থিত সাংবাদিকরা। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে রোমোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই রোমোর যাত্রা শুরু হয়েছে।
