নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে  নারীসহ ৮ মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর শাহমখদুম, বোয়ালিয়া, এয়ারপোর্ট, কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে নারীসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।

নগর পুলিশ জানায়, গত শনিবার দুপুর পৌনে ১টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে জিয়ারুল হককে (৫০) গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে ২৩ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, জিয়ারুলের বিরুদ্ধে শাহমখদুম থানায় ১০টি ও চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ সাহেববাজার মাষ্টারপাড়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে আফরোজা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে সাত পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়। রাত সোয়া ১০টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ পশ্চিম বাঘাটা এলাকায় অভিযান চালিয়ে আলম হোসেন (২৬) ও মোহাম্মদ আলী শুভকে (২৬) গ্রেপ্তার করে। আলমের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাত সোয়া ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গার হাড়ুপুর এলাকায় অভিযান চালিয়ে তুষার আহম্মেদ কালু (২৫) ও শাহ নেওয়াজ পারভেজকে (৩৫) গ্রেপ্তার করে। কালুর কাছ থেকে ছয় পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯ হাজার ৬৮০ টাকা এবং পারভেজের কাছ থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাওনকে (১৯) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা, তিন পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ১ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। রাত পৌনে ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ আলমগীর কবিরের ভাটা হতে সুচারনগামী হেয়ারিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং ১টি অটোরিক্সা জব্দ করা হয়। বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে (৪৮) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪৫ বোতলে মোট ৯০০০ মিলি বাংলা মদ উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ পাঠানপাড়া এলাকায় মৃত নিমরোজ আলীর ছেলে সাব্বির (৩২) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট