বাংলাদেশের সঙ্গে ফারাক্কা পানি চুক্তি নবায়ন না করার আহ্বান
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ইস্যুতে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক তলানিতে। ঠিক এই সময়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ফারাক্কা পানি চুক্তি নবায়ন না করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিছেন জনতা দল (ইউনাইটেড)-এর (জেডিইউ) কার্যনির্বাহী জাতীয় সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা। এ খবর দিয়েছে ভারতের অনলাইন এএনআই। বৃহস্পতিবার রাজ্যসভায় বিষয়টি তুলে ধরে সঞ্জয় কুমার ঝা জানান, ঐতিহাসিক ফারাক্কা পানি চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তিনি কেন্দ্রীয় সরকারকে চুক্তিটি নবায়ন না করার জোরালো আহ্বান জানান। তার পরিবর্তে গঙ্গা অববাহিকার ওপর নির্ভরশীল সব রাজ্যের, বিশেষ করে বিহারের, ২০৫০ সাল পর্যন্ত পানির প্রয়োজনীয়তা সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করে তার ভিত্তিতে নতুন একটি পানি ব্যবস্থাপনা কাঠামো তৈরির প্রস্তাব দেন তিনি। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঝা বলেন, তার দল জেডিইউ এবং দলের জাতীয় সভাপতি ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুরু থেকেই ফারাক্কা পানি চুক্তির বিরোধিতা করে আসছেন। তিনি বলেন, জেডিইউ মনে করে, এই চুক্তিতে বিহারের বৃহত্তর স্বার্থ উপেক্ষা করা হয়েছে। রাজ্য সরকারের পানি সম্পদমন্ত্রী থাকাকালেও বিভিন্ন সময় তিনি কেন্দ্রীয় সরকারকে ফারাক্কা পানি চুক্তির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন বলে জানান। এর আগে রাজ্যসভায় ‘স্পেশাল মেনশন’-এর মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরে সঞ্জয় কুমার ঝা বলেন, ফারাক্কা ব্যারাজ মূলত কলকাতা বন্দর ও হুগলি নদীতে পর্যাপ্ত পানিপ্রবাহ বজায় রাখার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। তার ভাষ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকার বাংলাদেশের সঙ্গে ফারাক্কা পানি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু এই চুক্তি বিহারের পানি নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি বলেন, গত তিন দশকের অভিজ্ঞতায় দেখা গেছে, শুষ্ক মৌসুমে বিহার তীব্র পানি সংকটে পড়ে। বিশেষ করে দক্ষিণ বিহারে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে এবং পানীয় জলের সংকটও তৈরি হচ্ছে। সূত্র: মানব জমিন
