বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও পড়ালেখা শেষে তারা যেন নিজ দেশে ফিরে আসতে উৎসাহিত হন, সরকার সে ধরনের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গতকাল শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম ‘আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুবসমাজের জন্য দেশের অভ্যন্তরে ও বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। এ ছাড়া প্রবাসী ও স্থানীয় শ্রমিকদের অধিকতর কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার নামে প্রতারণা নিয়ে শামা ওবায়েদ বলেন, এডুকেশন কনসালটেন্সির অজুহাতে কিছু অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এসব দালাল ও প্রতারক চক্রকে রুখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে ও অপরাধীদের শনাক্ত করতে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সূত্র: ইনকিলাব
 
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট