বাঘায় বিএনপি নেতার বাড়িতে বিস্ফোরণ
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে। বাড়িটি পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ ওরফে অমল থান্দার এর। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ভুক্তভোগী অমল থান্দার বলেন, রাতে শুয়েছিলাম। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে লোকজন হঠাৎ গালাগালি করে। এরপরে পরপর চারটি বিকট শব্দ শুনতে পেলাম । শব্দ শুনে পাশের বাড়ির লোকজন ও ছুটে আসে।
তিনি বলেন, প্রথমে মনে হয়েছিল ককটেলের শব্দ। পরে মনে হলো ফাঁকা গুলির শব্দের মতো। ঘটনার পরপরই থানা পুলিশকে জানাই। পুলিশ রাতেই এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই ঘটনার জন্য তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীদের দায়ী করেন। তারভাষ্য, “বাড়ির বাইরে বের হওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাই কাউকে চিনতে পারিনি।” পাশের বাড়ির বাসিন্দারাও রাতে কয়েকটি বিকট শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক শুক্রবার বিকেল সোয়া ৩টায় বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাহবে।
