রাজশাহীতে তিন জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা ও মালোপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বোয়ালিয়া থানার উপশহর ১ নম্বর সেক্টরের কার্যক্রম নিষিদ্ধ পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস থেকে এয়ারপোর্ট থানার মৃত চাঁন মিয়ার ছেলে মিঠুকে (৪০) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকায় পৃথক অভিযানে হোসনীগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে জাহিদুল ইসলাম অনিক (২০) ও ফাহদ হাসান মিমকে (১৯) মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত জাহিদুল ইসলাম অনিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং ফাহদ হাসান মিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
