নগরীতে অপহৃত কিশোরী উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর দামকুড়া এলাকা থেকে এক অপহৃত নারীকে উদ্ধার করেছে র‌্যাব। থানায় মামলা দায়েরের পর রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ অপহরণের ঘটনায় নারীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ জানায়, গত সোমবার বিকেলে র‌্যাবের সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর চৌরাস্তা পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে দামকুড়া থানার অপহরণ মামলার ওই ভিকটিমকে উদ্ধার করে। মামলায় অভিযোগ করা হয়, ভিকটিম ও আসামিরা একই এলাকার বাসিন্দা। গত ১০ জুলাই রাত পৌনে ৯টার দিকে ভিকটিম তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে দামকুড়া থানার দেশলাপাড়া বিলসংলগ্ন সড়কে পৌঁছালে সাকিব (২১) ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দামকুড়া থানায় মামলা দায়ের করা হলে র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভিকটিমকে দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট