নগরীতে র্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজীর মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দুইটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়।
র্যাব-৫ জানায়, নাদের হাজীর মোড় এলাকায় বারু মিয়ার পরিত্যক্ত ইটের তৈরি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়িটির বাথরুমের জন্য নির্মিত বাঁশের মাচার নিচ থেকে দুইটি কালো রঙের পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেড় পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, একটি গাঁজা সেবনের কলকি, এক সেট তাস, তিনটি প্লাস্টিকের পাইপ, একটি সামুড়া, দুইটি হাসুয়া, একটি কাস্তে, দুইটি ছুরি এবং একটি মাছ ধরার কোচ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
