নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল ফাইনাল বালকে সিলেট-ময়মনসিংহ বালিকায় রাজশাহী-রংপুর
রোমাঞ্চকর লড়াই ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব। বালক ও বালিকা- উভয় বিভাগেই সেরা চার দলের লড়াই শেষে নির্ধারিত হয়েছে ফাইনালিস্টরা। বালক বিভাগে শিরোপার জন্য মুখোমুখি হবে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল। আর বালিকা বিভাগের ফাইনালে খেলবে রাজশাহী ও রংপুর অঞ্চল। আগামী ২৭ জুলাই বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই বিভাগের ফাইনাল।
গতকাল রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে বরিশালকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সিলেট অঞ্চল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে সিলেট। তাদের জয়ের নায়ক ছিলেন নাফিজুজ্জামান জিহাদ। দুর্দান্ত নৈপুণ্যে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন তিনি। অন্য সেমিফাইনালে শক্তিশালী রংপুরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ময়মনসিংহ অঞ্চল। ম্যাচের প্রথমার্ধের ২১ মিনিটে প্রতিভাবান মিডফিল্ডার রাতুল মোড়ল বিজয়ী দলের হয়ে জয়সূচক গোলটি করেন। এরপর দু’দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও আর কোনো গোল হয়নি। ফলে একমাত্র গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে ময়মনসিংহ।
বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে খুলনাকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রাজশাহী অঞ্চল। প্রথমার্ধের পুরোটা সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম গোল পায় রাজশাহী। ৫৭ মিনিটে ফারিহার গোলে এগিয়ে যায় দলটি (১-০)। এরপর ম্যাচের যোগ করা সময়ে জিন্নাত মেহেরুন আরেকটি গোল করে দলের সহজ জয় নিশ্চিত করেন (২-০)। এই বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে রংপুর অঞ্চল। প্রথমার্ধের খেলা গোলশূন্য অমিমাংসিতভাবে শেষ হলে ম্যাচের দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে স্মৃতি কিসকুর করা একমাত্র গোলটি করেন (১-০)। শেষ পর্যন্ত তার এই গোলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে রংপুর।
সেমিফাইনালের চারটি ম্যাচেই উদীয়মান ফুটবলারদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স ও লড়াকু মানসিকতা দর্শকদের মুগ্ধ করেছে। এখন শিরোপা নির্ধারণী ম্যাচে সেরা হওয়ার লক্ষ্যে মাঠে নামবে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর অঞ্চল। সূত্র: ইনকিলাব
