গ্রেফতার1

মোহনপুরের রাজ্জাক হত্যা মামলার দুই আসামি গাজীপুরে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুরে চাঞ্চল্যকর আব্দুর রাজ্জাক হত্যা মামলার এজাহারনামীয় ৩ ও ৬ নম্বর আসামিকে গাজীপুর থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর যৌথ দল শুক্রবার গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২৬) ও একই গ্রামের আব্দুল হালিমের ছেলে মোরসালিন (২২)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানি ও র‌্যাব-১ সিপিসি-২ উত্তরা, ঢাকার যৌথ অপারেশন দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা মাঠসংলগ্ন কামারপাড়া রোডের মুন্নু গেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালায়। সেখান থেকে হত্যা মামলার ৬নম্বর আসামি ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর সন্ধ্যা ৭টায় টঙ্গী পূর্ব থানাধীন টিআইসি গেট, মোমেনশাহী রোডে মেসার্স ফিউচার কাটিং অ্যান্ড ব্যান্ডিং দোকানের সামনে অভিযান চালিয়ে মামলার ৩নম্বর আসামি মোরসালিনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, আব্দুর রাজ্জাক হত্যা মামলাটি মোহনপুর থানায় গত ৮ জুন দায়ের করা হয়। মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে দুই আসামি গাজীপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদেও তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট