সালমানের পর এবার সন্ত্রাসীদের টার্গেট আমির
বলিউড সুপারস্টার সালমান খানকে একাধিকবার হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসা লরেন্স বিষ্ণোই গ্যাং এবার নিশানা করেছে আরেক সুপারস্টার আমির খানকে। তৃতীয় বিয়ের পর ‘লাভ জিহাদ’ ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গ্যাংটির দুই সদস্যের বিরুদ্ধে।
ভারতীয় গণমাধ্যমের খবর, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং গ্যাংয়ের সদস্য টাইসন বিষ্ণোই ফেসবুকে পোস্ট ও একটি ভিডিও বার্তায় দাবি করেন, আমির খান ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। এমন কর্মকাণ্ড দেশের সংস্কৃতি ও সনাতন ধর্মের বিরুদ্ধে বলেও তারা অভিযোগ তোলেন। একই সঙ্গে অভিনেতাকে এর ‘পরিণতি ভোগ করতে হবে’ বলেও হুমকি দেওয়া হয়।
জানা গেছে, গত ৫ জুলাই বান্ধ্রার বাসায় পারিবারিক আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এটি তার তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। এদিকে ফেসবুক পোস্ট ও একটি ভয়েস নোটের মাধ্যমে হুমকির বিষয়টি জানতে পেরে তা যাচাই করছে মুম্বাই পুলিশ। তবে এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সালমান খান ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ২০১৫ সাল থেকে কারাগারে থাকলেও বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অপরাধচক্র পরিচালনার অভিযোগ রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে। সম্প্রতি তার নেটওয়ার্কের বিরুদ্ধেও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সূত্র: ইনকিলাব
