সবচেয়ে কঠিন পরিস্থিতিতে” থেকেও “সুন্দর খেলা” উপহার দিয়েছে ইরান

বেলজিয়ামের বিপক্ষে বীরত্বপূর্ণ ড্রয়ের পর ইরানের কোচ আমির গালেনোই বলেছেন, তার দল “সবচেয়ে কঠিন পরিস্থিতিতে” থেকেও “একটি সুন্দর খেলা” উপহার দিয়েছে। সোফাই স্টেডিয়ামে রবিবার ‘জি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচ শেষে আমির জানান, স্বল্প সময়ের ভ্রমণসূচি, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে প্রবেশের ভিসা জটিলতা, প্রস্তুতির অভাব এবং বিশ্বসেরা প্রতিপক্ষ বেলজিয়ামের মতো চ্যালেঞ্জ তাদের জন্য বড় বাধা ছিল। তবুও তারা ভালো ফল পেয়েছে।  মেক্সিকোর টিজুয়ানা থেকে ইরান সীমিত ভ্রমণ অনুমতি নিয়ে শনিবার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছে রবিবার খেলেছে এবং রাতেই আবার মেক্সিকোতে ফিরে গেছে। গালেনোই বলেন, “আমরা দুই ম্যাচে অপরাজিত। আজ উদযাপন করব, কাল মিশরের বিপক্ষে মনোযোগ দেব।” উইঙ্গার আলিরেজা জাহানবাখশ বলেন, অন্ততপক্ষে পুরো সাপোর্ট স্টাফ নিয়ে ভ্রমণ ও মানিয়ে নেওয়ার সময় পাওয়া উচিত ছিল। তবে কঠিন পরিস্থিতি তাদের আরও ঐক্যবদ্ধ করেছে। গালেনোই ও জাহানবাখশ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দকে বিশেষভাবে প্রশংসা করেছেন। তিনি একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দিয়েছেন। ৭০ হাজার ৩১৭ দর্শকের উপস্থিতিতে ইরান আবারও বিপুল সমর্থন পেয়েছে, যা খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ইরান। ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার লক্ষ্য শুক্রবার সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের মুখোমুখি হবে দলটি। সূত্র: ইনকিলাব
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট