চাঁপাইনবাবগঞ্জে শিশু শিক্ষার্থীকে নির্যাতন, শিক্ষক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই এলাকায় আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদ্রাসার নূর-ই-সাফী (৯) নামে এক শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, অন্যান্য শিক্ষার্থীদের সামনে ওই শিশুকে প্রথমে একটি লাঠি বা স্কেল দিয়ে মারধর করেন শিক্ষক সাকির আলী। পরে তিনি শিশুটির গলা চেপে ধরে উপরে তুলে মাটিতে ফেলে দেন। শিশুটি কান্নাকাটি করলেও নির্যাতন চালিয়ে যেতে দেখা যায় তাকে। এ সময় ভয়ে অন্য শিক্ষার্থীরা শিশুটির কাছে এগিয়ে আসতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক সাকির আলীর বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের মারধর ও অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আটক সাকির আলী (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
