২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম রাউন্ডের খুঁটিনাটি

উজবেকিস্তান ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো বিশ্বকাপের ২৩তম আসরের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা। লিওনেল মেসির পুরোনো জাদু থেকে শুরু করে দর্শকে পূর্ণ স্টেডিয়াম, স্পেনকে চমকে দেওয়া কেপ ভার্দের দুর্দান্ত পারফরম্যান্স এবং বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনালদোর নিষ্প্রভতা-সবই ছিল বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোর আলোচনার কেন্দ্রবিন্দুতে। গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এর আগে প্রথম রাউন্ডের ম্যাচগুলোর খুঁটিনাটি সম্পর্কে এক নজরে জেনে নেওয়া যাক।

৩৯ বছর বয়সেরও জাদুকরী মেসি

চার বছর আগে কাতার বিশ্বকাপে ট্রফি জিতে লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার নিখুঁত সমাপ্তি ঘটেছিল। পুরো ফুটবল বিশ্ব তেমনই ভেবেছিল। কিন্তু ৩৯তম জন্মদিনের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও আর্জেন্টিনার অধিনায়ক ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারের জন্য আরেকবার চেষ্টা করার আকাঙ্ক্ষা সামলাতে পারেননি। আর সেই চেষ্টার শুরুটাও দুর্দান্ত করেছেন রেকর্ড আটবারের বর্ষসেরা। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে উপহার দিয়েছেন স্মরণীয় হ্যাটট্রিক। আলজেরিয়ার বিপক্ষে মেসির তিনটি গোলের দুটি দুর্দান্ত শক্তিশালী শটে এবং একটি ছিল সুযোগসন্ধানী ফিনিশ। এই তিন গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডধারী মিরোস্লাভ ক্লোজার রেকর্ডকে স্পর্শ করেছেন।

ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এই রেকর্ড থেকে দুই গোল পিছিয়ে আছেন। উচ্ছ্বসিত মেসি বলেন, “শেষ পর্যন্ত এটা শুধু একটি পরিসংখ্যান, এর বেশি কিছু নয়।”

নিষ্প্রভ রোনালদো

পর্তুগালের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও প্রথম রাউন্ডে ফুটবলের আরও দুই বড় তারকা নিজেদের উজ্জ্বলভাবে মেলে ধরেছিলেন। কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড দুজনেই দুটি করে গোল করে গোল্ডেন বুটের দৌড়ে দুর্দান্ত সূচনা করেছেন। অন্যদিকে লিওনেল মেসি হ্যাটট্রিক করে তাদের সবাইকে ছাপিয়ে গেছেন। কিন্তু সৌদি আরবে খেলা রোনালদো তার ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচে বেশিরভাগ সময়ই নিষ্প্রভ ছিলেন। গোলের দুটি সুযোগ নষ্ট করেছেন। হিউস্টোনে পর্তুগাল ১-১ গোলে ড্র করে।

৪৮ দলের বিশ্বকাপের পক্ষে জোরালো বার্তা দিল কেপ ভার্দে

স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে সতীর্থদের বুকে মাথা রেখে কাঁদতে দেখা যায়। এটি ছিল প্রথম রাউন্ডের অন্যতম স্মরণীয় দৃশ্য। মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দ্বীপদেশ কেপ ভার্দে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেয়। আটলান্টায় স্পেনের সহজ জয়ের প্রত্যাশা ছিল। কিন্তু তারা মুখোমুখি হয় অনুপ্রাণিত ৪০ বছর বয়সী গোলরক্ষক এবং বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ একটি জাতির।

চড়া টিকিটের দামেও দর্শকে ভরা স্টেডিয়াম

মঙ্গলবার অস্ট্রিয়া ও জর্ডানের ম্যাচে লেভাইস স্টেডিয়াম প্রায় পূর্ণ দর্শকে ভরে যাওয়া প্রমাণ করেছে যে উচ্চ টিকিট মূল্যও এই বিশ্বকাপে দর্শকদের নিরুৎসাহিত করতে পারেনি। ফিফা জানিয়েছে, এ বছর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার বোল ম্যাচে সরকারি হিসেবে উপস্থিত দর্শকসংখ্যা ছিল ৬৮,৫২৭ জন। মঙ্গলবার মোট ২ লাখ ৮১ হাজার ২২৩ জন দর্শক বিভিন্ন স্টেডিয়ামে প্রবেশ করেন, যা এক দিনে বিশ্বকাপে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড। এর আগে ১৯৯৪ সালের ২৮ জুন স্থাপিত রেকর্ড ছিল ২ লাখ ৭৭ হাজার ৭০ জন।

ব্রাজিলের মলিন শুরু

প্রথম রাউন্ডের অন্যতম আলোচিত বিষয় ছিল ব্রাজিলের পারফরম্যান্স। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে থাকা দলটি প্রথম রাউন্ডেই মলিন পারফরম্যান্সে মরক্কোর সঙ্গে ড্র করে। তাতে অনেকটাই আশাহত হয়েছেন সেলেসাও সমর্থকরা। তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে সমর্থকদের আশ্বস্থ করেছেন দলটির কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি।

সবচেয়ে দমিত দল ইরান

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ড্রয়ের পর দলের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইরান কোচ আমির গালেনোই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানকে লস অ্যাঞ্জেলেস থেকে তৎক্ষণাৎ মেক্সিকোর তিজুয়ানায় প্রস্তুতি ক্যাম্পে ফিরতে বলা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে ম্যাচ শেষে খেলোয়াড়দের বিশ্রামের সয়টুকুও।

বিশ্বকাপের আগে থেকেই নানা জটিলতায় থাকা ইরান দলের যুক্তরাষ্ট্রে তিনটি ম্যাচ খেলতে হলেও তাদের বেস ক্যাম্প রাখা হয়েছে মেক্সিকোতে। গালেনোই বলেন, “আমাদের এত সময় আকাশপথে কাটাতে হচ্ছে, ম্যাচের পরও বিশ্রামের সুযোগ দেওয়া হয়নি। আমি মনে করি আমরা হয়তো পুরো বিশ্বকাপের সবচেয়ে দমিত দল।” সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট