ফিটনেস যত দিন থাকবে, খেলে যাব: মুশফিক

বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম। বছর খানেকের বেশি সময় আগে ওয়ানডে এবং ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও, লাল বলের ক্রিকেটে এখনও দেশের অন্যতম প্রধান স্তম্ভ তিনি। তবে কতদিন এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন—তা নিয়ে ভক্ত-সমর্থকদের মনে কৌতুহলের শেষ নেই। অবশেষে সেই কৌতুহলের জবাব দিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও ফিটনেস নিয়ে কথা বলেন। ফিটনেসই যে তার খেলে যাওয়ার মূল চাবিকাঠি, তা স্পষ্ট করে মুশফিক বলেন, ‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই। এই বিষয়ে কোনো কমপ্রোমাইজ করব না। আমি অবসরের আগে দলকে এমন একটা টোন সেট করে যেতে চাই, যাতে সবাই অন্তত নিজের ফিটনেসের ব্যপারে আরও সজাগ হয়।’

আগামী মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। এরপর আগস্টে অজিদের মাটিতে রয়েছে দুটি টেস্ট ম্যাচ। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার এই চ্যালেঞ্জকে বড় সুযোগ হিসেবে দেখছেন মুশফিক। দলের পেসারদের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। এত বছর যেহেতু তারা আমাদের ডাকে নাই, ওদের কন্ডিশন নিয়ে আমাদের পেসাররা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, তারা ওদের খুবই টাফ টাইম দেবে।’

এদিকে দলের কম্বিনেশনের কারণে দীর্ঘদিন ধরে স্কোয়াডে থেকেও টেস্ট একাদশে, এমনকি অনেক সময় দলেই জায়গা হচ্ছে না স্পিনার নাঈম হাসানের। তরুণ এই সতীর্থের কঠিন সময় নিয়ে মুশফিক তার পাশে দাঁড়িয়েছেন। নাঈমের মানসিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, ‘নাইম হাসান অনেক দিন ধরে দলের সঙ্গে। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। এটা তার জন্য খুবই টাফ। তবে সে মানসিকভাবে অনেক শক্ত। তাকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে। সে প্রতিদিনই উন্নতি করছে। আশা করছি সে সুযোগ পাবে।’

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট