হাম সংকট নিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে-ডা. তাসনিম জারা
চলমান হামের প্রাদুর্ভাব ইস্যুতে নীরব থাকার অভিযোগকে সরাসরি “মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা। তিনি দাবি করেছেন, দুইটি রাজনৈতিক দলের কর্মীরা সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। গতকাল শনিবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রচার করা হচ্ছে যে তিনি হামের প্রাদুর্ভাব নিয়ে কিছু বলেননি বা কোনো পদক্ষেপ নেননি। একই সঙ্গে তাকে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টাকে রক্ষা করতে তিনি নীরব রয়েছেন এমন অভিযোগও আনা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
ডা. জারা আরও জানান, ভিন্ন প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে তিনি আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার ভাষায়, ২০২৪ সালেই তিনি স্বাস্থ্য খাতের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বিশেষ করে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলার বিষয়টি নিয়ে। হামের প্রাদুর্ভাব বিষয়ে তিনি বলেন, গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন সভা ও সেমিনারে বিষয়টি নিয়ে কথা বলছেন এবং সম্ভাব্য সমাধান ও করণীয় তুলে ধরছেন। এসব বক্তব্য ও আলোচনা বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে পাওয়া যায় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি তিনি প্রায় এক মাস আগে, গত ১৯ এপ্রিলেই তুলেছিলেন। ডা. জারা অভিযোগ করে বলেন, একটি জনস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক বিতর্কে পরিণত করা অত্যন্ত দুঃখজনক। তার মতে, এই সময়ে রাজনৈতিক প্রচারের বদলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত ছিল। তিনি আরও সতর্ক করে বলেন, হামের প্রাদুর্ভাবে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে, তাই বিষয়টি রাজনৈতিকভাবে নয় বরং জরুরি জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা প্রয়োজন। সূত্র: ইনকিলাব
