আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধরাশায়ী করলো রুয়েট

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধরাশায়ী করলো রুয়েট

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা –২০২৬ এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ব্যাডমিন্টন দল।

বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত ব্যাডমিন্টন (ছাত্র) বিভাগের খেলায় একক ও দ্বৈত—দুই রাউন্ডেই দাপট দেখায় রুয়েট। পরপর দুই ম্যাচে ২-০ সেটের জয় তুলে নিয়ে প্রতিপক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধরাশায়ী করে দলটি।

প্রথম রাউন্ডের একক প্রতিযোগিতায় রুয়েটের হয়ে অংশ নেন গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আল রাকিব। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীকে ২-০ সেটে পরাজিত করেন। ম্যাচের প্রথম সেটে ২১-১৮ পয়েন্টে জয় পাওয়ার পর দ্বিতীয় সেটে আরও দাপুটে খেলায় ২১-৮ পয়েন্টে প্রতিপক্ষকে হারিয়ে ম্যাচ নিশ্চিত করেন তিনি।

পরবর্তীতে দ্বৈত প্রতিযোগিতায় রুয়েটের হয়ে কোর্টে নামেন ফাহিম আল রাকিব ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আহনাফ রশিদ রৌদ্র। ম্যাচের প্রথম সেটে ২১-১৬ পয়েন্টে জয় পাওয়ার পর দ্বিতীয় সেটেও প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ২১-১৪ পয়েন্টে জয় তুলে নেয় রুয়েট জুটি। ফলে ২-০ সেটের ব্যবধানে দ্বিতীয় রাউন্ডেও জয় নিশ্চিত করে রুয়েট।

প্রতিযোগিতায় রুয়েটের ব্যাডমিন্টন (ছাত্র) দলের হয়ে অংশগ্রহণ করেন গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আল রাকিব, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু আল আসিফ রেজা, যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস শাহাদাত এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আহনাফ রশিদ রৌদ্র।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ ও ক্রীড়াচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট