বিশ্বকাপ খেলবে ইরান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।
আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ইরান ফুটবল ফেডারেশন লিখেছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে আমরা বিশ্বকাপে অংশ নেব। যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে জায়গা পাওয়া ইরানকে কোনো বাইরের শক্তি এই টুর্নামেন্ট থেকে বঞ্চিত করতে পারবে না।’ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বিশ্বকাপে অংশ নিতে ইরানের পক্ষ থেকে ১০টি শর্ত দেওয়া হয়েছে। এসব শর্তের মূল লক্ষ্য হলো দল ও প্রতিনিধিদের জন্য সম্মানজনক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। শর্তগুলোর মধ্যে রয়েছে—সব খেলোয়াড় ও কর্মকর্তার জন্য সহজে ভিসা প্রদান, জাতীয় দলের পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষা এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের পথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।গত মাসে ফিফা কংগ্রেসে যোগ দিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা। তাতে বিশ্বকাপে ইরানের অংশ না নেওয়ার শঙ্কা আরও বেড়ে যায়। মূলত তাজের সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সম্পর্ক থাকায় তাঁকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা। ২০২৪ সালে এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে দেশটি। সূত্র: সমকাল
