আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শেষে মাঠে সিজদাহ করে ভাইরাল রেফারি ইসমাইল

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ পরিচালনার পর মাঠে সিজদাহ করেন মরক্কোতে জন্ম নেওয়া আমেরিকান রেফারি ইসমাইল এলফাথ। মুহূর্তটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৪ বছর বয়সী এলফাথ কাসাব্লাঙ্কায় জন্ম নিলেও কিশোর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এবারের বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি, যে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নেয়। ম্যাচের শেষ বাঁশি বাজিয়েই মাঠের মাঝে তাঁর সিজদাহ করার ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, অনেকেই এটিকে ব্যক্তিগত কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে দেখেছেন।

এলফাথের পথচলা ছিল একেবারেই আলাদা। যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি ভিসা লটারি জিতে টেক্সাসে গিয়ে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন এবং শখের ফুটবল খেলতেন। রেফারিদের মান নিয়ে হতাশ হয়ে তিনি নিজেই রেফারিং শুরু করেন। সেখান থেকেই ধাপে ধাপে উঠে আসেন মেজর লিগ সকার (এমএলএস) থেকে শুরু করে ফিফার বড় বড় টুর্নামেন্টে। ২০১২ সালে তিনি এমএলএস রেফারি হন, ২০১৬ সালে লিগের প্রথম ভিএআর ম্যাচ পরিচালনা করেন। এরপর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, কনকাকাফ গোল্ড কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, আফ্রিকা কাপ অব নেশনস—সব জায়গায় দায়িত্ব পালন করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচে তিনি চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন। এবার সেমিফাইনালে আবারও আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পাওয়া তাঁর ক্যারিয়ারের আরেকটি বড় মাইলফলক। যদিও তিনি যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক রেফারিং করেন, জন্মভূমি মরক্কোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। ২০২৫ সালে মরক্কো ফুটবল ফেডারেশন তাঁকে রেফারি উন্নয়ন কর্মসূচিতে যুক্ত করেছিল, পরে পারিবারিক কারণে তিনি সরে দাঁড়ান। এবারের বিশ্বকাপে তাঁর সঠিক সিদ্ধান্ত ও ম্যাচ পরিচালনা যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ম্যাচ শেষে মাঠে সিজদাহ করার ব্যক্তিগত বিশ্বাসের মুহূর্তও বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট