সারা দেশে ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাবে আরও কয়েকদিন টানা বৃষ্টি থাকতে পারে

নতুন প্রভাত ডেস্ক
দেশে চলমান বৃষ্টিপাতের ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, বিরাজমান লঘুচাপ ও এর বর্ধিতাংশের প্রভাবে এই বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী ৫ মে পর্যন্ত স্থায়ী হতে পারে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাজধানীতে ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। রাতের ঘন কালো মেঘ কেটে ভোরের আলো ফুটতেই শুরু হওয়া বৃষ্টি পরে মুষলধারে রূপ নেয়। এতে নগরজুড়ে জনজীবনে স্বস্তির বদলে দেখা দেয় ভোগান্তি। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এতে নগর এলাকায় জলাবদ্ধতা এবং নিম্নাঞ্চলে পানি জমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সিনপটিক অবস্থা অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা সারাদেশে এই বৃষ্টিপাতের জন্য দায়ী। এ পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দর ও উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, দেশের সব বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে বিশেষ করে খোলা জায়গায় অবস্থান, দুর্বল স্থাপনা ও বিদ্যুৎ লাইনের আশপাশে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে, এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts