জাতিসংঘের রিপোর্ট বিশ্বে জ্বালানি সংকটের শঙ্কা! হরমুজ প্রণালীতে ৯৫ শতাংশ
নতুন প্রভাত ডেস্ক
ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। জাতিসংঘ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এই পথ দিয়ে জাহাজ চলাচল ৯৫ শতাংশেরও বেশি কমেছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে এক ব্রিফিংয়ে বলেন, জাহাজ চলাচল কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। তাঁর তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে, আর ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। হরমুজ প্রণালীকে দীর্ঘদিন ধরেই বিশ্বের জ্বালানি বাণিজ্যের প্রধান ‘লাইফলাইন’ হিসেবে বিবেচনা করা হয়। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো। কিন্তু সাম্প্রতিক সংঘাত এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় অধিকাংশ শিপিং কোম্পানি এই রুট এড়িয়ে চলছে।
বর্তমানে পাকিস্তান-এর মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। কূটনৈতিক আলোচনা চললেও নৌপথে আস্থা ফিরে আসেনি। ফলে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটছে এবং বিভিন্ন দেশে পণ্য পরিবহনের খরচ দ্রুত বাড়ছে। এই উত্তেজনার সূত্রপাত ঘটে ফেব্রুয়ারির শেষ দিকে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সামরিক পদক্ষেপের জবাবে ইরান পাল্টা হামলা চালায়। এর ফলে পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে ভয়ভীতি তৈরি হয়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে চলাচল স্বাভাবিক না হলে ইউরোপসহ অনেক দেশ তীব্র জ্বালানি সংকটে পড়তে পারে। ইতোমধ্যে তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ বাড়ছে। খাদ্যপণ্যের দামও বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। বর্তমানে বিকল্প হিসেবে অনেক জাহাজ আফ্রিকার দীর্ঘ পথ ব্যবহার করছে, যা সময় ও ব্যয় উভয়ই বাড়িয়ে দিচ্ছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য আরও ধীর হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দ্রুত পুনরায় সচল করা এখন বৈশ্বিক অগ্রাধিকারের বিষয় হয়ে উঠেছে। সূত্র : তাসনিম নিউজ
