মার্কিন সেনাদের তথ্য ফাঁস! ইরানপন্থী হ্যাকারদের সাইবার হানায় তোলপাড়
নতুন প্রভাত ডেস্ক
পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন মেরিন সেনাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের দাবি করেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা সাইবার গোষ্ঠী ‘হানদালা’। গোষ্ঠীটির দাবি অনুযায়ী, তারা ২ হাজার ৩৭৯ জন মার্কিন মেরিনের নামসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে। বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মহলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদন অনুযায়ী, হানদালা গোষ্ঠীটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করে। তারা এটিকে নিজেদের ‘নজরদারি সক্ষমতার’ প্রমাণ হিসেবে তুলে ধরেছে। প্রকাশিত তথ্যের মধ্যে সেনাদের পরিচয় ছাড়াও আরও ব্যক্তিগত তথ্য থাকার দাবি করা হয়েছে।
ইরাকভিত্তিক সংবাদমাধ্যম শাফাক নিউজ জানিয়েছে, শুধু তথ্য ফাঁসেই থেমে থাকেনি গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। বার্তাগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সেনারা নজরদারিতে রয়েছে এবং যেকোনো সময় তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে।
হানদালা গোষ্ঠীর দাবি অনুযায়ী, তাদের কাছে সেনাদের পরিবারের সদস্যদের তথ্য, বাসার ঠিকানা এবং দৈনন্দিন চলাফেরার বিবরণও রয়েছে। তারা ভবিষ্যতে আরও সংবেদনশীল তথ্য প্রকাশের হুমকি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। কারণ, সেনা সদস্যদের পরিচয় ও অবস্থান প্রকাশ পেলে তা সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো স্পর্শকাতর অঞ্চলে এ ধরনের তথ্য ফাঁস বড় ধরনের ঝুঁকি ডেকে আনতে পারে।
প্রাথমিকভাবে কর্তৃপক্ষ তথ্য ফাঁসের প্রকৃত পরিধি নির্ধারণ এবং এতে কতজন সেনা ঝুঁকির মধ্যে পড়েছেন, তা যাচাইয়ের কাজ শুরু করেছে। পাশাপাশি, এই তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং কোনো সামরিক বা সরকারি সিস্টেম আক্রান্ত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সাইবার হামলা একটি বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠীগুলো এখন সরাসরি সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করছে, যা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
উল্লেখ্য, গত মাসেও একই গোষ্ঠী ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)–এর পরিচালক ক্যাশ প্যাটেল–এর ব্যক্তিগত ইনবক্স হ্যাক করার দাবি করেছিল এবং তার কিছু ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশ করে। যদিও এসব দাবির সত্যতা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, এ ধরনের সাইবার হামলা শুধু তথ্য ফাঁস নয়; এটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং সামরিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর কৌশল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ফলে এ ধরনের হুমকি মোকাবিলায় প্রযুক্তিগত নিরাপত্তা জোরদারের পাশাপাশি কৌশলগত প্রস্তুতিও বাড়ানো জরুরি হয়ে পড়েছে। সূত্র: ইনকিলাব
