বগুড়ায় ২৩ লাখ টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নতুন প্রভাত ডেক্স:
বগুড়ায় বিশেষ কৌশলে হাঁটুর নিচে অ্যাংলেটে লুকিয়ে ইয়াবা পাচার করার সময় স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা থানার দোগাছী গ্রামের সোহাগ মৃধা (৩১) ও তার স্ত্রী মোছা. সারমিন খানম (২৫)। বর্তমানে তারা ঢাকার মিরপুর-১ এলাকার মধ্যপাইকপাড়ার আহম্মদ নগর এলাকায় বসবাস করতেন। এর মধ্যে স্বামী সোহাগ মৃধার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল চারটা থেকে সাড়ে ছয়টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলস্ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে স্ত্রী সারমিন খানমের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটে আটকানো স্কচটেপ মোড়ানো ২০টি প্যাকেটে চার হাজার পিস এবং বাম পায়ের নিচে অ্যাংলেটে থাকা ১৯টি প্যাকেটে তিন হাজার আটশ পিসসহ মোট ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলে পরিমাপ করে যার মোট ওজন পাওয়া যায় ৭৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই মাদকের চালানের সাথে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। সরকারের ঘোষণা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: কালবেলা
