তানোরে কৃষকের মাঝে সার বীজ বিতরণ
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় কৃষি পূর্নবাসন সহায়তার খরিপ-১ মৌসুমে উফসী আউস ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৭ হাজার কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলের দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
তিনি বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও প্রান্তিক কৃষকদের চাষাবাদ বৃদ্ধির জন্য বর্তমান সরকার বিনা মূল্যে আপনাদের প্রণোদনা দিচ্ছে। প্রণোদনার সার ও বীজ বিক্রি করা যাবে না। এউপজেলা কৃষি প্রধান এলাকা। অনেক কৃষক, চাহিদাও অনেক। কিন্তু বরাদ্দ অনুযায়ী কৃষকদের মাঝে দেয়া হচ্ছে। সার ও বীজ নিয়ে চাষাবাদের কাজে লাগাতে হবে। কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবারে ৭ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১০ কেজি ডিএপি, ১০ কেজি করে এমওপি ও ৫ কেজি করে বীজ দেয়া হবে। আজকে সরনজাই ও তালন্দ ইউনিয়ন এলাকার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে বাকি পাঁচ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
