ভারত নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে পারে চীন: ইন্ডিয়া টুডে
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে পারে চীনে। শেখ হাসিনা সরকারের পতন এবং মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের পর ভারত ও বাংলাদেশের মধ্যকার অস্বস্তিকর সম্পর্ককে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার চেষ্টার মাঝেই এই খবর সামনে এলো। চলতি বছরের শুরুতে তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোথায় হতে যাচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। পর্যবেক্ষকরাও বেশ নিবিড়ভাবে লক্ষ্য করছেন যে তিনি প্রথম কোন দেশ সফর করেন।
২০২৪ সালে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা প্রথম বিদেশ সফর হিসেবে নয়া দিল্লিকে বেছে নিয়েছিলেন, যা ছিল একটি কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ। সাধারণত নতুন নির্বাচিত রাষ্ট্রপ্রধানদের প্রথম বিদেশ সফর তাদের ভূ-রাজনৈতিক অগ্রাধিকার প্রকাশ করে, অংশীদার দেশগুলোকে আশ্বস্ত করে, কৌশলগত সমীকরণ জোরদার করে এবং সরকারের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা নির্ধারণ করে। ২০২৪ সালে হাসিনা ভারতে গেলেও, ১৯৯৬ সালে যখন তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তখন তিনি প্রথম চীন সফর করেছিলেন। আবার, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালে প্রথম যুক্তরাষ্ট্র সফর করেন। তার দ্বিতীয় সফরটি ছিল ১৯৯২ সালের সার্ক সম্মেলনে যোগ দিতে ভারতে। অন্যদিকে, ১৯৭২ সালে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ভারতে সফর করেছিলেন। ২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে, ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন আমল থেকেই ঢাকা ও বেইজিংয়ের মধ্যে যে সহযোগিতা জোরদার হয়েছিল, তা বিএনপি ক্ষমতায় আসার পরও অব্যাহত রয়েছে। এর সূত্র ধরেই তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের খবরটি সামনে আসছে। সূত্র: ইনকিলাব
