রাকসুর উদ্যোগে রাবির ১২টি হলে ফার্স্ট এইড বক্স বিতরণ
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)- এর উদ্যোগে ১২টি হল ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফার্স্ট এইড বক্স বিতরণ এবং ফার্স্ট এইড প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাকসু ভবনের কনফারেন্স রুমে বিকাল সাড়ে ৪টায় এই কার্যক্রমের আয়োজন করা হয়।
জানা যায়, রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসার উদ্যোগে ১২টি হলে (ছেলে-মেয়ে), আন্তর্জাতিক ডরমিটরি, জিমনেসিয়াম এবং স্টেডিয়ামে এই ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসকের মাধ্যমে ফার্স্ট এইড প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসা বলেন, আমাদের আজকের দেওয়া প্রাথমিক চিকিৎসা বক্স বৃহৎ কোনো চিকিৎসায় কাজে না আসলেও হঠাৎ যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার প্রাথমিক সেবা নিশ্চিত করার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকের এই আয়োজন থেকে আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বেশ কিছু বিষয় জানতে পেরেছি। হল সংসদ ও রাকসুর মূল কাজ হলো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সার্বিক দিক খেয়াল রাখা। আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, রাকসুর উদ্যোগে জরুরি মুহূর্তে চিকিৎসা সহায়তার জন্য প্রতিটি হলে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ওয়েলফেয়ারমূলক কার্যক্রম পরিচালনা করা ছাত্র সংসদের স্বাভাবিক দায়িত্ব। আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অনেক সময় গভীর রাতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে এই প্রাথমিক চিকিৎসা তাদের জন্য সহায়ক হবে। প্রশিক্ষণ কর্মশালায় রাকসুর কার্যনির্বাহী সদস্য এ বি এম খালেদের সঞ্চালনায় আয়োজনে আরও ছিলেন রাকসুর এজিএস এস এম সালমান সাব্বির, রাকসুর সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান এবং বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
