নওগাঁয় নতুন চিকিৎসকদের এনসিডি প্রশিক্ষণ
নওগাঁ প্রতিনিধি : অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে নওগাঁ জেলায় নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্মসূচির উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, ডিভিশনাল প্রোগ্রাম অফিসার খোন্দকার এহসানুল আমিন ইমন এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. রাজত চৌধুরী সায়েমসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনী বক্তব্যে সিভিল সার্জন বলেন, হৃদরোগজনিত মৃত্যুহার এক-চতুর্থাংশ কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা, উচ্চ রক্তচাপের ব্যাপকতা ১৮ শতাংশে সীমিত করা এবং লবণ গ্রহণ ২৫ শতাংশ কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্যে রাজশাহী বিভাগের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
তিনি জানান, নওগাঁ জেলার ১০টি এনসিডি কর্নারের মাধ্যমে ইতোমধ্যে ২০ হাজারের বেশি নিবন্ধিত রোগী নিয়মিত সেবা পাচ্ছেন এবং এ সংখ্যা প্রতিদিন বাড়ছে। কর্মশালায় ৪৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসাররা অংশগ্রহণ করেন।
