রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার : নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, রাজশাহী বাঁচাও, বাঁচাও বাংলাদেশ এই স্লোগানে রাজশাহীর পরিবেশ, প্রাণ-প্রকৃতি, সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ এর উদ্যোগে জনস্বার্থে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন এর সভাপতি আ্যাড. এনামুল হক এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আ্যাড. হোসেন আলী পিয়ারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সভাপতি ডা. ওয়াসিম হোসেন, হেরিটেজ রাজশাহী ও সবুজ সংহতি রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং আ্যন্ড টেকনোলজির শিক্ষক প্রকৌশলী ড. জাকির খান, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ, দিগন্ত প্রসারি ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও নদী পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, মাওলানা ভাসানী স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ওয়ালিদুল ইসলাম, সোস্যাল পোগ্রেসন এন্ড ইনভাইরোনমেন্ট রিট্রাভাল সেন্টারের নির্বাহী পরিচালক কামরান হাফিজ, এডাব রাজশাহীর সাধারণ সম্পাদক, আবুল বাশার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সদস্য সচিব শামসুল আবেদীন ডন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী, যুব মহিলা বিষয়ক সম্পাদক ঈশিতা ইয়াসমিন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা খাতুন, গ্রীন কোয়ালিশন রাজশাহীর নির্বাহী সদস্য পলি রানী প্রামাণিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, ওয়াটার ক্রাইসিস পার্লামেন্ট এর সভাপতি, জুলফিকার আলী হায়দারসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা রাজশাহীর নানাবিধ সমস্যা বিশেষত পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড, গাছ হত্যা, পুকুর ভরাট, কৃষিজমিতে পুকুর খনন, নগরীর তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ দূষণ, বায়ু দূষণ, নদী-দখল-দূষণ, চিকিৎসা সমস্যা, পানি সংকট, সড়কে বিশৃঙ্খলা, জ্বালানী তেল ও বিদ্যুতের অপর্যাপ্ততাসহ নানাবিধ সমস্যা উল্লেখ করেন এবং অবিলম্বে সমস্যাসমূহ সমাধানে এবং সকল প্রাণের জন্য বাসযোগ্য নগর গড়তে সরকার. স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করেন। মানববন্ধন কর্মসূচী থেকে রাজশাহীর পরিবেশ, প্রাণ-প্রকৃতি, সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে এবং টেকসই রাজশাহী গড়তে ২০ দফা দাবি উত্থাপন করা হয়।
