নজরুল বর্ষের নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ

জাতীয়ভাবে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে নির্ধারিত লোগো ব্যবহার করতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল রোববার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে জাতীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘নজরুল বর্ষ’-এর একটি নির্ধারিত লোগো প্রণয়ন করেছে। এতে আরও বলা হয়, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান, প্রকাশনা, প্রচার-প্রচারণা, ব্যানার, ফেস্টুন, আমন্ত্রণপত্র ও অন্যান্য উপকরণে নির্ধারিত ‘নজরুল বর্ষ’-এর লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে।

নির্দেশনায় সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানকে নজরুল বর্ষ-সংক্রান্ত কর্মসূচিতে নির্ধারিত লোগো ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাহিদা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট