বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
পদত্যাগের দুদিন পর প্রেসিডেন্টের সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। গতকাল রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন। এর আগে গত ২৪ জুলাই প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।
প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনে অবস্থানও। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চান। সূত্র: ইনকিলাব
