নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
রাজশাহী হচ্ছে ঐতিহ্যবাহী একটি বিভাগীয় শহর। এই বিভাগীয় শহর হতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের নানা ধরনের ষড়যন্ত্র চলছে বেশ কিছুদিন ধরে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার বেলা সাড়ে ১১ টায় হেতম খা, নেসকো প্রধান কার্যালয়ের সামনে রাজশাহীবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন ও রশিদ। বোয়ালিয়া থানা (পশ্চিম ) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল ইসলাম ফাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর কৃষক দলের আহবায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজন এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, রাজশাহী হচ্ছে একটি বিভাগীয় শহর। এই শহর থেকে নেসকোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রধান কার্যালয় স্থানান্তর করে বগুড়ায় নিয়ে যাওয়া হবে ,এটা কোনভাবে মেনে নেওয়া যাবে না। বগুড়ার একজন প্রতিমন্ত্রী ও দু একজন সংসদ সদস্যর কারণে এই হঠকারী সিদ্ধান্ত হলে রাজশাহীবাসী কঠোর আন্দোলন গড়ে তুলবে। তারা আরো বলেন, রাজশাহীতে ফুল মন্ত্রী এবং এমপি রয়েছেন, যাদেরকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এই সিদ্ধান্ত থেকে হটে না আসলে এর বিরূপ প্রতিক্রিয়া সাধারণ ভোটারদের উপরে পড়বে বলে উল্লেখ করেন তারা।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন সম্প্রতি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবর রাজশাহীবাসীর মধ্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব হ্রাস পাবে, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম নেতিবাচকভাবে প্রভাবিত হবে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য এই বিষয়ে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কোম্পানী অ্যাফেয়ার্স-১ শাখা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি(নেসকো) এর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়া জেলা শহরে স্থানান্তরের জন্য সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন কর্তৃক স্বাক্ষরিত মতামত প্রদানের জন্য একটি পত্র প্রদান করেছেন।
