চাঁপাইনবাবগঞ্জে কিস্তি আদায় করতে গিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিও কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক এনজিওকর্মীর বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে ভোলাহাটের রাধানগর কলোনী এলাকায় ভিকটিমের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার এবং ভিকটিম শিশুকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে রাধানগর কলোনী এলাকার একটি বাড়িতে ৬ বছরের শিশুকন্যাটি একা অবস্থান করছিল। এ সময় ‘রিক’ নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ভোলাহাট শাখার মাঠ কর্মী রাকিবুল ইসলাম ঋণের কিস্তির টাকা তুলতে ওই বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত রাকিবুল ইসলাম শিশুটিকে ধর্ষণ করেন। রাকিবুল ইসলাম পিরোজপুর জেলার সদর উপজেলার কালিটাটি বটতলা দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ভোলাহাটে ‘রিক’ এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ‘রিক’ এনজিওর ভোলাহাট শাখার রাধানগর এলাকা থেকে অভিযুক্ত রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট