গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয়ের প্রত্যয় এমপি মিলনের

স্টাফ রিপোর্ট

গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা, স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল একটি বিশেষ দিবস।  উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবান আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন দেশের টাকা দেশেই রাখা এবং জনগণের প্রতি শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

সোমবার বিকেলে পবা উপজেলায় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে আলোচনা সভা এসব কথা বলেন এমপি। এমপি মিলন বলেন, দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টের টাকা নিয়ে কেউ দিল্লি, দুবাই, লন্ডন কিংবা আমেরিকায় বিলাসবহুল জীবন কাটাতে বা বেড়াতে যাবেন না। বরং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এই টাকা স্থানীয় পর্যায়েই বিনিয়োগ করা হবে।

গ্রামীণ জনপদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য একটি বিশেষ আর্থিক পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন গ্রামীণ পর্যায়ে অর্জিত প্রতি ১০ টাকার মধ্যে সাড়ে ৯ টাকা স্থানীয় অর্থনীতিতেই খরচ করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি ১০ টাকা থেকে বাকি ৫০ পয়সা সঞ্চয় হিসেবে জমা রাখা হবে।

এছাড়াও তিনি বলেন, পল্লী উন্নয়ন কাঠামো শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আজ প্রতীকী হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বেশ কিছু উপকারভোগীর মাঝে আর্থিক সহযোগিতা ও এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

আজ ৬ জুলাই থেকে শুরু হওয়া এই দিবসটি প্রতি বছর নিয়মিতভাবে পালিত হবে, যা গ্রামীণ অবকাঠামো সচল রাখতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

জনগণের প্রতি দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন আপনাদের কাছে আমরা জবাবদিহিতা করতে বাধ্য। এবং সব সময়ের জন্যই এই জবাবদিহিতা নিশ্চিত করব। এর আগে বেলুন উড়িয়ে পল্লী উন্নয়ন দিবসের উদ্বোধন করা হয়। এরপর একটি শোভাযাত্রা নিয়ে পবা উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

এদিকে মোহনপুর উপজেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে একই বিষয়ে আলোচনা সভা, অর্থ, গাছের চারা, কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ ও কেশোরহাটে আম চত্বরের উদ্বোধন করা হয়। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ অফিসার ডা. খন্দকার সাগর আহম্মেদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম। প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে চলমান কার্যক্রম গুলো সঠিকভাবে দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার আহ্বান জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট