রাজশাহীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সপুরা এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবকের নাম মো. নোমান (২৫)। তিনি বোয়ালিয়া থানা (পশ্চিম) রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বাড়ি সপুরা এলাকায়। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নগর পুলিশ জানায়, গত ২৭ মে রাত সোয়া ৩টার দিকে বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার জামাল সুপার মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণামূলক পোস্টার সাঁটানো হয়। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা ও ষড়যন্ত্রের অভিযোগে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্তে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং গোপন তথ্যের ভিত্তিতে নোমানের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট