বাঘায় গাঁজা সেবনের দায়ে ছাত্রলীগ নেতার কারাদণ্ড
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গাঁজা সেবনের অপরাধে নিষিদ্ধ ঘোষিত বাউসা ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক লিখন ইসলাম (২৮) কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (২৯-০৯-২০২৬) রাতে বাউসা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে লালপাগলের মোড় থেকে গাঁজা সেবনকালে তাকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত লিখন ইসলাম বাউসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অমরপুর গ্রামের ইয়াজুল ফকিরের ছেলে।
পুলিশ জানায়, তথ্য যাচাই করে তিনি ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার পতনের আগে তার কমিটি বিলুপ্ত করা হয়নি। যদিও লিখনের দাবি, তিনি সাবেক সম্পাদক। তিনি বিবাহিত, তার সাড়ে ৩ বছর বয়সী এক ছেলে রয়েছে। তিনি ২০২২ সালে স্থানীয় একটি বিএম কলেজ থেকে আইএ পাস করেছেন। অপরদিকে ইয়াবা সেবনের অপরাধে রাসেল নামের আরেক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তকী ফয়সাল তালুকদার জানান, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
