নতুন প্রভাতে সংবাদ প্রকাশের পর দুর্গাপুরে অবৈধ পুকুর খননে অভিযান
দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর এলাকায় অবৈধভাবে তিনফসলি জমির টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১ জুলাই) দুপুরে এ অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করা হয় এবং ঘটনাস্থলে থাকা ছয়টি ব্যাটারি জব্দ করে নিষ্ক্রিয় করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) লায়লা নূর তানজু
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনফসলি কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরিবহনের ব্যবস্থা না থাকায় এস্কেভেটরগুলো জব্দ করা সম্ভব হয়নি। তাই সেগুলো যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।
এর আগে গত ২৪ জুন একই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ভেকু (এস্কেভেটর) নিষ্ক্রিয় করা হলেও অভিযুক্তরা পুনরায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় দুর্গাপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-২৩, তারিখ ২৭ জুন ২০২৬।
উল্লেখ্য, গত ৩০ জুন মঙ্গলবার রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক নতুন প্রভাত পত্রিকায় “দুর্গাপুরে ম্যানেজ ফর্মুলায় চলছে পুকুর খনন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরদিন বুধবার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) লায়লা নূর তানজু বলেন, “জনস্বার্থে অবৈধ পুকুর খনন ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
