নগরীতে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে মহানগর শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, পবার ভুগরইল গ্রামের মৃত খলিল মোল্লার ছেলে আশরাফ আলীকে (৬২) ও আবু উমায়ের আকিবকে (২৪)। আসরাফ পবা উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি।
নগর পুলিশ জানায় গত ২ জুন দুপুর ২ টা থেকে আড়াইটার মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে। উক্ত ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের পরিচয় শনাক্ত করা হয়। গত ২২ রাত পৌনে ১০টার দিকে শাহমখদুম থানা পুলিশ আসরাফকে গ্রেপ্তার করে। একই রাত ১০টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী পূর্বপাড়া গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে আবু উমায়ের আকিবকে (২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে মতিহার থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে তাকে শাহমখদুম থানা পুলিশ। সে ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং অনলাইন একটি ভিস্ট। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
