গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
গোমস্তাপুর সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোমস্তাপুর এর আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে “অভাব নয়–-সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রহনপুর রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের দলনেতা আফিফা ইয়াসমিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ও কোট পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, সুধীজন, স্থানীয় গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
