যে জাতি মেধাবীদের সম্মান করেনা তারা কখনও উন্নতি করতে পারেনা: ভূমিমন্ত্রী মিনু

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, যে জাতি বা যে সমাজ মেধাবীদের মূল্যায়ন করতে পারে না তারা কখনও উন্নতি লাভ করতে পারে না। মেধাবীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে সমাজ ও সমাজের মানুষকে এগিয়ে নিতে কাজ করে। সমাজ ও দেশের উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম। গতকাল শনিবার বিকেলে রামেকের ডা. কাইছার রহমান অডিটোরিয়ামে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমি যখন এ সিটির মেয়র ছিলাম তখন এই নগরের উন্নয়নের জন্য ব্যাপক করেছি। নগরীতে পরিস্কার-পরিচ্ছন্ন ও সুখী ও সমৃদ্ধির নগরী হিসেবে গড়ে তোলা হয়েছিল। আমরা মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেছি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে যত পরিশ্রম ও সংগ্রাম করা লাগুক সব করতে হবে। তারপরও নিজেদের লক্ষ্যে পৌঁছাতে হবে। কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে আবারও কৃতি শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবধর্নার মতো বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয় পরিক্রমার পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী নিউডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রামেকের অধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার ফয়সাল আলম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও নর্থবেঙ্গল ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট