নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা
সৃজনশীল লেখনী, সাংবাদিকতা ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া সোসাইটি ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা আবুজার এবং বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান। বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় সৃজনশীলতা ও দক্ষতা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি ইতিবাচক ও তথ্যনির্ভর কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা লেখনী ও ভিডিও নির্মাণের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। ‘পত্রকথা’ প্রতিযোগিতায় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লেখনী এবং ‘রিলস’ প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে নানা বিষয় সৃজনশীলভাবে উপস্থাপন করেন তারা।
