রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তির প্রস্তুতি
দেশের প্রাচীনতম বিদ্যালয় (১৮২৮-২০২৮) রাজশাহী কলেজিয়েট স্কুল ২০২৮ সালে দু’শত বছর পূর্তি করবে। অত্যন্ত জাকজমক ভাবে দ্বিশত বর্ষপূর্তি পালনের জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে।
দ্বিশত বর্ষপূর্তির আয়োজনকে সফল করার জন্য কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৬ জুন রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে বিকেল চারটায় প্রাক্তন ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্কুলের কৃতি সন্তান ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। প্রবীন ও নবীন প্রাক্তন ছাত্ররা এ প্রস্তুতি সভায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এদের সমন্বয়ে উদযাপন কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে নগরজুড়ে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন বিলবোর্ড। আহবান জানানো হচ্ছে প্রাক্তন ছাত্রদের।
ইতোমধ্যে স্কুলের একটি কক্ষে অফিসের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন প্রবীন নবীনরা আনাগোনা করছেন। দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে অবস্থানকারী প্রাক্তনরা তাদের অংশগ্রহনের আগ্রহ প্রকাশ করেছেন। উদযাপন কমিটির আহবায়ক স্কুলের প্রাক্তন ছাত্র রেজাউল করিম রাজু অংশগ্রহনে সবাইকে আহবান জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
