গোদাগাড়ীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক স্কুল ক্যাম্পেইন
“ সবুজ স্কুল, পরিচ্ছন্ন গ্রাম, বৃক্ষরোপন আর পানির অপচয় রোধ করি, খরা সহিষ্ণু বরেন্দ্র গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৭ জুন, ২০২৬ তারিখ রোজ বুধবার সিসিবিভিও, রাজশাহী আয়োজনে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তা ও ১৫টি বিজ্ঞান ক্লাবসমূহের অংশগ্রহণে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সচেতনতা ও জনমত গড়ের তোলার লক্ষ্যে মাঠ পর্যায়ে গোদাগাড়ীর কাকনহাট ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে স্কুল ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।“ সবুজ স্কুল, পরিচ্ছন্ন গ্রাম, বৃক্ষরোপন আর পানির অপচয় রোধ করি, খরা সহিষ্ণু বরেন্দ্র গড়ি” এই প্রতিপাদ্যের উপরে উপস্থিত বক্তৃতায় ৩৫ জন অংশগ্রহণ করেন। বক্তৃতা শেষে অংশগ্রহণকারী বিজ্ঞান ক্লাবের সদস্য, শিক্ষকমন্ডলী, অতিথিগণ সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি কাকনহাট মাদ্রাসা প্রাঙ্গণ থেকে কাকনহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসায় এসে শেষ হয়। অংশগ্রহণকারী বিজ্ঞান ক্লাবসমূহ জলবায়ু পরিবর্তনের উপরে দেয়াল পত্রিকা প্রদর্শন করেন। অতিথি ও অংশগ্রহণকারীগণ দেয়াল পত্রিকা কর্ণার পরিদর্শন করেন। পুরষ্কার বিতরণী ও আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কাকনহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জালাল উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভপতি প্রফেসর মো: আবদুস সালাম, সিসিবিভিওর নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক মো: সারওয়ার-ই-কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনসহ অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের প্রধানগণ।
