পবায় ঝুটিকা মিছিল করায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজমত আলী মহানগরীর এয়ারপোর্ট থানার বিষুর মোড় এলাকার মৃত সিদ্দিক আলী মণ্ডলের ছেলে ও পবা থানার বড়গাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। আর গ্রেপ্তার সামায়ন কবির হেলাল কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার বাসিন্দা মৃত সাত্তার আলীর ছেলে ও হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
নগর পুলিশ জানায়, গত ৯ জুন সকাল সাড়ে ৬টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকায় রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩৫ থেকে ৪০ জনের একটি দল মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। পুলিশের দাবি, মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। তাদের অনেকেই মুখে মাস্ক পরিহিত ছিলেন। মিছিলের কারণে এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই দিনই পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আজমত আলীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে সাড়ে ৩টার দিকে পৃথক অভিযানে সামায়ন কবির হেলালকে তাঁর বসতবাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
