বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, বিএ ৩০তম ও ৩১তম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন অনুষ্ঠান এবং এমএ ৩৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও প্লাজা চত্বরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষাবান্ধব পরিবেশ, সাংস্কৃতিক পরিশীলন ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনজুড়ে বিভাগের একাডেমিক উৎকর্ষ, সৃজনশীল চর্চা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন দেখা যায়। পবিত্র কোরআন তিলাওয়াত ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক চেতনার বার্তা তুলে ধরা হয়। উদ্বোধনী বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শহিদুর রহমান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিএ ৩০তম ও ৩১তম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন পর্ব। এ সময় শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্নাতক শিক্ষা সমাপ্তির স্বীকৃতি দেওয়া হয়। শিক্ষার্থীরা তাদের দীর্ঘ শিক্ষাজীবনে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
